ছোটবেলায় আমার বাবা প্রায়ই আমাদের জন্য বই কিনে আনতেন, যখন আমরা বই পড়া কী তা ভালোভাবে বুঝতামও না। বাবা-মা মিলে আমাদেরকে ছবিগুলো দেখিয়ে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিতেন। আমরা খুব মজা করে ছবিগুলো দেখতাম। অনেক সময় অলক্ষ্যে বইয়ের পাতা উল্টাতে গিয়ে ছিঁড়ে ফেলতাম। কিন্তু বাবা তারপরও আমাদের জন্য নতুন বই কিনে দিতেন। আমরা খেলনা দিয়ে যত সময় কাটিয়েছি তার চেয়ে বেশি সময় বই নিয়ে কাটিয়েছি। তখন টিভি কিংবা কম্পিউটার দেখার প্রচলন তেমন ছিল না। তাই বই থেকে নতুন কিছু জানা আমাদের জন্য অন্যরকম অনুভূতি ছিল। বাবা সব সময় কিছু না কিছু পড়ে শোনাতেন। বিশেষ করে অফিস থেকে আসার পরে আমরা তার কাছে বই পড়ার জন্য অপেক্ষা করতাম। আর যখন আমরা নিজেরা পড়তে শিখলাম তখন আরও বেশি করে বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম।
যদিও বাবা নিজেও পড়তে পছন্দ করতেন, তাই আমাদের জন্য বই কিনে দিতেন, কিন্তু এটি আমাদের জন্য অনেক মূল্যবান উপহার ছিল। বাবা-মা কেন বাচ্চাদের ছোটবেলায় বইয়ের প্রতি আগ্রহী করে তুলবেন, তা আমি ভালোভাবে বুঝতে পেরেছি আমি মা হওয়ার পরে। আমি ছোট বাচ্চাদের সাথে কথা বলা এবং তাদের সাথে সময় কাটানো সম্পর্কে খুব বেশি জানতাম না, কারণ আমি নিজে খুব কম কথা বলা একজন মানুষ। কিন্তু আমার মেয়ে হওয়ার পরে আমার এক পরিচিত বোন আমার মেয়ের জন্য একটি ক্লথ বুক আর কিছু বোর্ড বই উপহার দিলেন, যখন ওর বয়স তিন মাস। আমি আমার মেয়েকে সেগুলোর ছবি দেখাতাম, গল্প বানিয়ে বলতাম, প্রাণীর শব্দ করে শোনাতাম যা আমার মেয়ে খুব পছন্দ করত। যেহেতু আমি একা তার দেখাশোনা করতাম, তাই বই পড়ে, ছবি দেখে, গল্প করে তার সাথে আমার সময় কাটানো অনেকটা সহজ হয়ে গেল। তার আর আমার মধ্যে একটা গভীর আবেগময় বন্ধন গড়ে উঠল। সে নিজে বইয়ের পাতা উল্টাতে চাইত, নিজে শব্দ বলত। এগুলোর মাধ্যমে তার মোটর দক্ষতা (Motor Skill) উন্নত হল। শুধু তাই নয়, তার চোখের সংযোগের মাধ্যমে আমি তার আবেগগুলোকে ভালোভাবে বুঝতে পারতাম।
শিশুদের Early childhood development মানে “শিশুর প্রারম্ভিক বিকাশের” জন্য বই একটি গুরুত্বপূর্ণ উপাদান। বইয়ের মাধ্যমে আপনি আপনার শিশুর সাথে বাস্তব ধারণা দেয়ার সাথে সাথে তার কল্পনা শক্তিকে বিকশিত করতে পারবেন। বইয়ের মাধ্যমে শিশুদের Early learning বা তাদের কোন কিছু দ্রুত শেখাতে সহায়তা করে। আসুন জেনে নেই কেন আমারা আমাদের শিশুদের ছোটবেলায় বই দেব।
নতুন শব্দ ও ধারণা: বই পড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ এবং ধারণা শিখে।
