সন্তান লালন-পালন সব যুগেই একটা চ্যালেঞ্জ। এজন্য কোরআনে সূরা লোকমানে আমরা দেখি, জ্ঞানী লোকমান রাহিমাহুল্লাহ তাঁর ছেলেকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন।
তবে বর্তমান সময়ে সুসন্তান গড়ে তোলার এই চ্যালেঞ্জ ভিন্নমাত্রা পেয়েছে। এমন এক সময়ে আমরা বাবা মায়েরা আছি, যখন সন্তানকে শাসন করা যায় না, বকা দেওয়া যায় না। আমাদেরকে জানানো হচ্ছে, শাসন মানসিক বিকাশের অন্তরায়।
আরবি ভাষায় প্যারেন্টিং এর কাছাকাছি শব্দ হলো তারবিয়াহ। শব্দগতভাবে এর অর্থ হল কোন কিছুকে বিকশিত করা, সুন্দর করা, প্রশিক্ষণ দেয়া। সম্ভবত এই শব্দটা বড় ছোট সবার ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব।
থিওরিটিক্যালি চিন্তা করলে প্যারেন্টিং বা তারবিয়াহ'র মূল লক্ষ্য যেখানে সন্তানকে প্রশিক্ষিত করে সুন্দরভাবে গড়ে তোলা (Proactive approach), সেখানে বর্তমান সময়ের বাবা মায়েরা বিভিন্ন জটিলতা সমাধানে ব্যস্ত (Reactive approach)।
