মেয়েটা এসেছে বাচ্চা কোলে, ষোলো মাস বয়স বাচ্চার। কোলে বাচ্চা এসে যাওয়ায় পড়াশুনায় গ্যাপ হয়েছে। এখন ফিরতে চাচ্ছে আবার। সাহস করে এবার রেজিস্ট্রেশন করেছে কিন্তু বাচ্চা 'ভয়ানক দুষ্টু' হওয়ায় কারুর কাছে রেখে ক্লাস করা অসম্ভব। আসার দেড় মিনিটের মাথায় পিচ্চি মানুষটা আমার টেবিলের কেচি ধরলো, কাঁচের জারে হাত ডুবালো, টেবিল ঘড়িটা দুই হাতে ধরে কোলের কাছে নিয়ে হাঁটলো। মেয়েটা, বাচ্চার মা, বারবারই লজ্জিত হচ্ছে, হাত থেকে জিনিসগুলা নিয়ে জায়গামতো রেখে বিব্রতমুখে আমার দিকে তাকাচ্ছে৷ শেষে আর না পেরে দুই হাতে জাপটে ধরে বসলো। আমার সাথে সেরে একই রুমে অন্য ডেস্কে গেলো অন্য একজন স্যারের সাথে পরামর্শের জন্য।
অন্য স্যারের সাথে কথা শেষে আমি আবার ডাকলাম। বললাম, বসো কথা বলি। দুইটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে একটা বিস্কুট রেখে স্ট্যাপলার দিয়ে দুইটাকে মুখোমুখি জোড়া দিয়ে বাচ্চার হাতে দিলাম।
'আচ্ছা তোমাকে যদি এমন হাতপা নড়াতে না দিয়ে এক জায়গায় আটকায় রাখি, কি করবা? অথবা বলি যে, এখন কিচ্ছু করবা না। চুপচাপ বসে থাকো। পারবা?' না, পারবে না। মাথা নাড়লো। 'তাহলে ও কেন থাকবে? ও কিভাবে পারবে? যেটাকে আমরা দুষ্টুমি বলি, সেটা ত ওর নরমাল নড়াচড়া। এটা না করলে ওকে ডাক্তারে নিতে হইত, কারণ ওইটা এবনরমাল। না?'
জি।
