একজন গর্ভবতী নারী তার গর্ভকাল জুড়ে নানান রকমের শারীরিক পরিবর্তন ও অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে দাঁতের সমস্যা। বিভিন্ন হরমনাল ও যত্নজনিত কারণে গর্ভবতী মায়েদের এই সমস্যা হয় যা প্রেগ্ন্যান্সি জিনজিভাইটিস (Pregnancy Gingivitis) নামে পরিচিত। মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় এই ব্যাপারে যত্নবান হওয়া দরকার।
জিনজিভাইটিস হচ্ছে মাড়ির প্রদাহজনিত একটি রোগ যার ফলে মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া ও ব্যাথা হয়। নিয়মিত দাঁত ব্রাশ না করলে আমাদের দাঁতের উপরিভাগে প্লাক (Plaque ) নামে পরিচিত একধরণের রঙহীন আঠালো পর্দা(Biofilm ) তৈরি হয়। এই প্লাক দাঁত ও মাড়ির সংযোগস্থলে জমে জমে পাথরের মতন তৈরি করে, প্লাকের ব্যাকটেরিয়া মাড়িতে আক্রমণ করে। ফলাফল স্বরূপ ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতের পাথর তৈরি হয়ে মাড়িতে ব্যাথা ও রক্তপাত সৃষ্টি করে। এটিকেই চিকিৎসা বিজ্ঞানে জিনজিভাইটিস বলা হয় যা আমাদের অনেকের মাঝেই দেখা যায়।
এই জিনজিভাইটিস গর্ভবতী নারীদের মাঝে গর্ভকালের দ্বিতীয় থেকে ৮ম মাসের মাঝে বেশি দেখা যায়। গর্ভবতী নারীদের মাড়ির প্রদাহের এই অসুখকে বলা হয় প্রেগ্ন্যান্সি জিনজিভাইটিস (Pregnancy Gingivitis)।
সর্বোপরি, কিছু শারীরিক পরিবর্তন ও কিছু নিজের আচরনের প্রভাবে এই রোগ দেখা দেয়।
