পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) সম্পর্কে যা যা জানা জরুরি
PCOS (পিসিওএস) হলো নারীদের হরমোন সংক্রান্ত একটি জটিল সমস্যার নাম, যা তাদের প্রজনন ক্ষমতার মারাত্মক ক্ষতি করতে সক্ষম। গোটা পৃথিবীতে ২ থেকে ২৬ শতাংশ নারী এ সমস্যায় ভুগছে। বর্তমানে আমাদের দেশেও এর ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে, যা একটি উদ্বেগের বিষয়। আরো ভয়ের কারণ হল এই, এ রোগে আক্রান্ত ৭০ শতাংশ নারীই তার শরীরে এর অস্তিত্ব সম্পর্কে জানেন না!
PCOS এর পুরো নাম হল- পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি মূলত অনেকগুলো অস্বাভাবিক লক্ষণের সমন্বয়, যা নারীর ওভারি (ডিম্বাশয়) তথা প্রজননতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
পলিসিস্টিক (Polycystic) কথাটির হলো অনেকগুলো সিস্ট বা তরলে পূর্ন ছোট ছোট থলের মত অংশ, যা ওভারি জুড়ে থাকে। এই থলেগুলো (আসল নাম ফলিকল) এক একটি অপরিপক্ক ডিম্বাণু বহনকারী ছিল, কিন্তু প্রয়োজনীয় হরমোনের অভাবে তা আর পরিণত (ওভুলেশন) হতে না পেরে সিস্ট আকারে জমতে থাকে। এর ফলে শরীরে এন্ড্রোজেন (পুরুষ হরমোন) স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। মাসিকের চক্রেও অনিয়ম দেখা যায়।
ঠিক কি কারণে PCOS হয় তা এখনো জানা সম্ভব হয়নি। মূল কারণ অতিরিক্ত এন্ড্রোজেন উৎপাদন, কিন্তু তার জন্য কি কি দায়ী সে বিষয়ে এখনো গবেষণা চলছে।
