আল্লাহ্ এর ইচ্ছা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। তাই স্বাভাবিক প্রসব (Normal Vaginal Delivery)এর জন্য চেষ্টা করার আগে আল্লাহ্ এর কাছ থেকেই চেয়েছিলাম যেন তিনি আমার প্রসব অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়াটা সহজ করে দেন। এবং তাঁর উপর তাওয়াক্কুল হয়েই সব প্রিপারেশন নিয়েছিলাম।
আমার এই লেখায় থাকবে প্রসব পূর্ববর্তী এবং প্রসবকালীন সময়ের কথা। তবে একটা কথা বলে রাখি, সি সেকশন হোক আর নরমাল ডেলিভারি হোক, মা হওয়া অবশ্যই কষ্টের। যে পদ্ধতিতেই সন্তান পৃথিবীতে আসুক একজন মা কে অবশ্যই কষ্ট ভোগ করতে হবে। তবে সেই কষ্টের মাঝেই রয়েছে স্বস্তি ও আনন্দ।
নরমাল ডেলিভারি মা ও সন্তান উভয়ের জন্য ভাল, তবে সি সেকশনও আল্লাহ্ এর এক রহমত। এর মাধ্যমে প্রচুর মা ও শিশুর জীবন রক্ষা হচ্ছে। সি সেকশন তখনই খারাপ যখন ডাক্তাররা পয়সার লোভে এটি করেন অথবা রোগীরা স্বাভাবিক প্রসবকে ভয় পেয়ে নিজেদেরকে এই মেজর অপারেশনের ছুরি কাঁচির নিচে ঠেলে দেয়। প্রসব যে ভাবেই হোক, মা ও শিশুর সর্বোচ্চ স্বার্থ রক্ষাই এখানে মুখ্য হওয়া উচিৎ।
স্বামীর কর্মসূত্রে আমরা মালয়শিয়া থাকি। এ দেশে রাস্তায় বের হলেই প্রেগন্যান্ট মহিলা চোখে পড়ে। মালয় জাতিগোষ্ঠির সংখ্যা বৃদ্ধির জন্য সরকার অধিক সন্তান হলে নানারকম সুবিধা দিয়ে থাকে। তাই প্রায় প্রতিটি পরিবারেই অন্তত ৫/৬ টি সন্তান দেখা যায়। এখানে প্রেগন্যান্ট হলেও মহিলারা খুবই কর্মঠ থাকে ও স্বাভাবিক জীবন যাপন করে। সত্যিকারের বড় সমস্যা না হলে ডাঃ রা বেডরেস্ট দেন না। তারা সব সময় একটিভ থাকার ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন। এবং না পারতে সি সেকশন করেন না।
