প্যারেন্টিং এর উপর একটা লেকচারে শুনেছিলাম: প্রথম ৭ বছর আপনার সন্তানের সাথে খেলা করুন, দ্বিতীয় ৭ বছর তাকে ডিসিপ্লিন শেখান, তৃতীয় ৭ বছর তার বন্ধু হয়ে যান।
টিনেইজ নিয়ে মোহাম্মাদ আকরাম বশীর ও রিদা বশীর এর একটা বই পড়ছি, ওখানে টিনেইজ সময়টাকে ৩টি পর্যায়ে ভাগ করা হয়েছে -
একেকটা পর্যায়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য ও আচরন রয়েছে, মোদ্দাকথা যেটি তা হলো, বয়ঃসন্ধির এই বয়সটাতে সন্তানকে খুব বেশি শাসন করে কিংবা 'পাওয়ার স্ট্রাগল' এ জড়িয়ে লাভ নেই; এই সময়টিতে মূলত আমাদের আচরন হবে তাদের বন্ধুসুলভ, গাইডসুলভ কিংবা কনসালট্যান্টের মত, যে কিনা কিশোরের চিন্তাগুলোকে সম্মান দিয়েই নিজ জীবনের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দেবে। এই বয়সটিতে সন্তানকে নিয়ন্ত্রণ করতে চাওয়া মানে আদতে নিয়ন্ত্রণ হারানো কিংবা সন্তানের সাথে মধুর সম্পর্কের ভরাডুবি....
চিন্তা করে দেখলাম, কথাগুলো বিলিয়ন ডলার এডভাইস সমতুল্য। আমার চারপাশে যেসব বাবামায়েদের দেখি, সারাদিন সন্তানদের 'বেয়াদব' 'বেয়াদব' বলে গাল দিতে থাকেন, এদের প্রত্যেকেই গাছের গোড়ায় পানি ঢালতে ব্যর্থ হয়েছেন। তা কেমন? খেয়াল করে দেখবেন, যে ৭-১৪ বছরের সময়টিকে সন্তানের শাসনের অর্থাৎ আদব-কায়দা শেখানোর বয়স বলা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ সময়টিকেই অধিকাংশ বাবা মায়েরা আদরের আতিশয্যে সন্তানকে মাথায় তোলেন, তার যৌক্তিক- অযৌক্তিক সব ধরণের দাবি দাওয়া মেনে নেন, শাসনের জায়গাটিতেও এড়িয়ে যান এই বলে 'ও তো ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে'। উহু, কাচায় না নোয়ালে বাশ, পাকলে করে ঠাস ঠাস। যে সন্তানটি শৈশবে আদব শিখতে পারেনি, কৈশোরে গিয়ে তাকে আর তা শেখানোর সময় নেই, কারণ তখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে৷ এতদিন আপনি যাকে শিখিয়েছেন, সেই সন্তানটি তার আলো ঝলমলে চোখে দেখা নতুন পৃথিবীর সবকিছু আপনাকেই শেখাতে চাইবে, আপনার সব কথা, যুক্তি, বুদ্ধি তার কাছে সেকেলে ঠেকবে। তো আমার মনে হয়, আমাদের দেশের লেখাপড়ার বয়সে যদি হিসেব করি, তাহলে আদব শেখানোর বয়সটা মোটামুটি ক্লাস টু থেকে ক্লাস এইট। এইট-নাইনের দিকে গিয়েই টিনেইজের ধাক্কা শুরু হবে, তা সামাল দিয়ে নতুন কিশোরটিকে আবার পরিণত বিবেকের মানুষ হয়ে উঠতেই ভার্সিটি লাইফে পা দিয়ে ফেলবে। এই সময়টিকেই বলা হয়েছে 'লেট টিনেইজ', যখন কিশোরের অনিয়ন্ত্রিত চিন্তা ও কল্পনা একটু একটু করে মার্জিত হতে শুরু করে, চিন্তায় পরিপক্কতা আসে, পরমতের প্রতি সহিষ্ণু হতে শেখে।
তো মোদ্দাকথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, শাসন শুরু হবে কবে থেকে? এরাউন্ড ৭ বছর, ক্লাস ওয়ান/টু এরকম, যখন শিশু মোটামুটি ভালো-মন্দ বুঝতে শিখে যায়। দেখুন, ইসলামও কিন্তু আমাদের এমনটিই শেখায়, শৈশব থেকে বাচ্চারা আনন্দে খেলেধুলে সালাত পড়ে, কিন্তু ৭ বছর বয়সে প্রথন তাকে অফিশিয়ালি সালাত পড়ার নির্দেশ দিতে বলা হয়েছে। এরপর যদি বলতে বলতেও না শোনে? তাহলে ১০ বছর বয়সে প্রহারের অনুমতিও দেয়া হয়েছে। তবে সুন্দর কথায়, উপদেশে কাজ হলে আর প্রহারের পর্যায়ে যাবেন কেন?
