প্যারেন্টিং এর যে স্টেইজটি আজকের সময়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেটি হচ্ছে 'টিনেইজ প্যারেন্টিং'। খুব কাছ থেকে আমি এমন কিছু টিনেইজ দেখেছি, যারা কিনা আগাগোড়া ইসলামিক পরিবারে বড় হয়েও পরিবারের শিক্ষা ধরে রাখতে পারেনি। যদিও বাবামায়েরা এসব বিষয়ে দুঃখ করতে গিয়ে ব্যর্থতার দায়ভার সবটুকু সন্তানের উপরই চাপিয়ে দিয়ে থাকেন, তবে প্রকৃত সত্য অনেকক্ষেত্রেই বিপরীত। সন্তান তো চারাগাছের মত, কোন চারা বৈরি পরিবেশেও তরতর করে করে বেড়ে ওঠে, এমনকি পাথুরে মাটিতেও কিছু চারাগাছ বড় হয়, আবার কোন চারাগাছকে বাচিয়ে রাখতে অনেক বেশি কসরত করতে হয়- সঠিক পরিবেশ, পর্যাপ্ত আলো বাতাস, নিয়মিত পানি দেয়া, সার দেয়া, আগাছা মাড়ানো.... কোনকিছুর অভাব হলেই গাছটি নেতিয়ে পড়ে। তাই পাথুরে মাটিতে জন্মানো গাছকে স্ট্যাণ্ডার্ড ধরে নিলে কিন্তু মালি ঠিক বিপদে পড়ে যাবেন, ওটা কেবল ব্যতিক্রম আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারেনা। একজন সচেতন মালীকে সুন্দর বাগান করার জন্য প্রথম থেকেই সবরকম প্রস্তুতি নিতে হয়- ঐ অতিনাজুক চারাগাছটির জন্য হলেও। কেননা বৈরি হাওয়ায় প্রথম দুই জাতের চারাগাছ বেচে রইলেও তৃতীয় জাতের চারাগাছ সমূলে উপড়ে যাওয়ার সম্ভাবনা৷ প্যারেন্টিং বিষয়টিও তেমন: আপনি ইসলামিক না হলেও আল্লাহর ইচ্ছায় আপনার সন্তান ইসলামিক হতে পারে, কারণ পাথুরে মাটিতেও আল্লাহর ইচ্ছায় গাছ হয়। আবার দক্ষ প্যারেন্টিং ছাড়াও ইসলামিক বাবা-মায়ের অনেক সন্তান ঠিকই সঠিক পথ চিনে নিবে। কিন্তু নাজুক চারাগাছের মত কিছু সন্তান আছে, এবং পার্সেন্টেজে এরাই এগিয়ে। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন 'দক্ষ ও পরিকল্পিত প্যারেন্টিং', নচেৎ এই সন্তানেরা চলার পথে যেকোন সময় হোচট খেয়ে পড়ে যাবে।
সন্তানের সেই পড়ে যাওয়ার ব্যর্থতাটুকু সন্তানের ঘাড়ে না চাপিয়ে আগে নিজের ঘাড়ে নিতে শিখুন, তাহলেই হিসেব সহজে মিলবে। আমি একটা কথা বিশ্বাস করে থাকি, সন্তানের তারবিয়াতের শুরুতেই নূহ ও লূত আলাইহিমাসসালামের উপমা মন থেকে একদম ঝেড়ে ফেলুন, নচেৎ সন্তানকে সঠিক তারবিয়াত দিতে না পারার দায়ভার আপনি নিজের কাধে না নিয়ে ক্ষণে ক্ষণে ঐ উপমাই জপতে থাকবেন, ফলে নিজের ভুলটুকু খুজে বের করা ও শোধরানোর সুযোগ আর হবেনা৷ নূহ আলাইহিস সালাম আহল ও ক্বওমকে হিদায়াত দেয়ার জন্য সাড়ে নয়শ' বছর চেষ্টা করেছেন, এই আমি আপনি যে নবীর উপমা টানছি, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার সন্তানের তারবিয়াতের জন্য আমি কত বছর চেষ্টা করেছি? কতটা সঠিক উপায়ে করেছি?
আরেকটা কথা! অনেক মা-বাবাই কিন্তু গর্ব করে এমনটি বলে থাকেন: আমরা তো অত ধর্ম কর্ম বুঝতাম না, কই আমার সন্তানতো ঠিকই ধার্মিক হয়েছে?
এর উত্তর কিন্তু আমি দিয়েছি: ঐযে পাথুরে মাটির বৃক্ষ...
