প্রথমেই একটা ভিডিওর কথা মনে পড়ে, অনেক খুঁজেও এখন আর লিঙ্ক পেলাম না। একজন মিডওয়াইফের টক ছিল, কেনো গল্পে নাটক মুভি সবকিছুতে নরমাল ডেলিভারীকে এমন ভয়ঙ্কর ব্যাপার হিসাবে তুলে ধরা হয়? এটা ঠিক যে ব্যাথার ব্যাপারটা সত্য কিন্তু একটা মায়ের মধ্য দিতে একটা বেবী আসছে এই ব্যাপারটা কি অসম্ভব সুন্দর নয়?
তিনি নিজে একটা হোম ডেলিভারীতে ছিলেন, মহিলার ছেলে হবে, বড় মেয়ে পাশেই ছিল, মাকে বলছিল মা তোমার কষ্ট হচ্ছে? আমি তোমাকে হাগ দেব? মেয়েকে জড়িয়ে ধরে ফাইন্যাল পুশে তার ছেলে হয়ে গেছিল, মিডওয়াইফ বলছিলেন এটা তার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি।
আমার একটাই ছেলে, আলহামদুলিল্লাহ নরমাল ডেলিভারী। আমি ছোটবেলা থেকেই খুবই অলস, অকর্মণ্য এবং নাজুক ব্যাক্তি, শুভাকাঙ্খী (!!!) আত্নীয় স্বজনরা তাই সন্দেহ পোষন করতেন এরকম কঠিন সিচুয়েশন ফেস করতে আদৌ পারব কিনা। তাই অতি নাদান হিসাবে সবাইকে বলতে চাই, আমি পারলে আপনারাও পারবেন, আল্লাহ যদি আনুষাঙ্গিক সব ঠিক রাখেন।
তবে আমার প্রচুর হাটার অভ্যাস ছিল ছোটবেলা থেকেই, এখন যেটার জন্য কৃতজ্ঞ বোধ করি। কনসিভ করার পর থেকে যেকজন Doctor দেখিয়েছি বেশিরভাগই নেটিভ হোয়াইট, এরা সব সময় সাজেষ্ট করত হেলদী খাওয়ার পাশাপাশি যতোটা সম্ভব একটিভ আর হাটা চলার মাঝে থাকা যায়, থাকতে। যতটুকু শরীরে কুলায় পরিশ্রম ও করতে। না জানতে চাইলেও নিজে থেকে বলত সেক্সুয়ালী একটিভ থাকা নাকি ভালো। এইগুলার প্রতিটাই নরমালী আমাদের দেশে যা সাজেষ্ট করে তার উলটা, তাই বেশ অবাক হতাম।
