প্রসব ব্যথা বা লেবার পেইন সহজ ও সংক্ষিপ্ত করার ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস
আজকের লেখায় প্রসব ব্যথা বা লেবার পেইন মোকাবেলা করার একটি টেকনিক নিয়ে আলোচনা করব। আলোচনাটি তুলে ধরছি একটি ভিডিও থেকে। ভিডিওটা আমি দেখেছিলাম আমার নিজের প্রেগন্যান্সীর সময় এবং এটাকে কাজে লাগিয়ে আমি ভীষণ উপকৃত হয়েছিলাম। ভিডিওটা যিনি বানিয়েছেন, সারা কামরাথ, নিজেও বলেছেন যে আলোচিত পদ্ধতিটি ছাড়া লেবার পেইনের তীব্রতা সামলানো ও সুস্থ, নরমাল ডেলিভারির মাধ্যমে নিজের দুই বাচ্চাকে জন্ম দেয়ার কথা উনি ভাবতেই পারেন না! এই টেকনিকটা ছাড়া উনার লেবার পেইনও অসহনীয় কষ্টকর হয়ে উঠত।
পশ্চিমা এই নারী আরও বলছেন যে, প্রায় সব হাসপাতালই প্রসব ব্যথা মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ এই বিষয়ে ভুল পরামর্শ দিচ্ছে। এই সাধারণ টিপসটা আপনার লেবার পেইন সহজ ও দ্রুত করার সম্ভাবনা বহুলাংশে বাড়িয়ে দিবে।
এই ভিডিওতে বিশ্বখ্যাত অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট, মিডওয়াইফ, ফ্যামিলি ফিজিশিয়ান, সন্তান প্রসব প্রশিক্ষকদের দেয়া দারূণ কিছু টিপস পাবেন। ভিডিওটা দেখতে পারেন এখানে । ভিডিওটা দেখতে এই লিংকে আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং ইনবক্স থেকে পাওয়া কোড ওই পেইজে ইনপুট করে সাবমিট করুন।
এবার আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিওর বিষয়বস্তু এখানে তুলে ধরছি। ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে পেইনের তীব্রতা মোকাবেলায় মায়েরা যে দুইটা সহজ কাজ করতে পারেন তা হচ্ছে “নড়াচড়া করা” এবং “শ্বাস নেয়া ও আওয়াজ করা”। এই সাধারণ কাজগুলো লেবার পেইনের তীব্রতা কমিয়ে এনে মাকে স্বস্তি দেয়। সেই সাথে বাচ্চার বের হওয়াটা সহজ ও দ্রুত হয় তাই লেবার পেইনের সময়টাও তুলনামূলক কম লাগে। এটা কেন ও কিভাবে হয় সেটাই পুরো ভিডিওতে বিভিন্ন বিশেষজ্ঞরা বুঝিয়ে বলেছেন।
