ভুল ধারণা ১. শিশুর জন্মের সাথে সাথে তার মুখে মধু/মিছরি দিতে হয় !
সঠিক: শিশুর জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব (প্রথম ১ ঘন্টার মধ্যে) মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। মধু/চিনি/মিছরি শিশুর জন্যে ক্ষতিকর।
ভুল ধারণা ২. সিজারিয়ান ডেলিভারিতে মায়ের বুকে দুধ আসে না/দেরিতে আসে !
সঠিক: নরমাল/সিজারিয়ান যেভাবেই শিশুর জন্মগ্রহণ করুক সদ্যজাত শিশুকে যত তাড়াতাড়ি সঠিক পদ্ধতিতে মায়ের দুধ খাওয়ানো শুরু করা সম্ভব হবে মায়ের বুকে তত তাড়াতাড়ি দুধ আসবে। কখন মায়ের দুধ আসবে তখন শিশুকে খাওয়াব এই আশায় বসে থেকে সময় নষ্ট করা বোকামি। মা শয্যাশায়ী হলে দুধ খাওয়ানোর জন্যে উপস্থিত ডাক্তার/নার্সের সাহায্য নিতে হবে।
ভুল ধারণা ৩. মায়ের স্তন ছোট হলে শিশুর জন্য দুধ কম তৈরি হয় !
সঠিক: মায়ের স্তনের আকার/আকৃতি দুধ তৈরির ক্ষেত্রে কোন প্রভাব ফেলে না।
ভুল ধারণা ৪. অতিরিক্ত গরম আবহাওয়াতে মায়ের দুধের পাশাপাশি শিশুকে পানি খাওয়ানো প্রয়োজন !
সঠিক: শিশুর বয়স ৬ মাস হওয়ার আগে এক ফোঁটা পানিরও প্রয়োজন নেই। তবে ৬ মাসের বেশি বয়স হলে অবশ্যই অল্প অল্প করে বিশুদ্ধ পানি পান করাতে হবে।
