ছোট সন্তানের আগমনে বড় সন্তানের নীরব কষ্ট

বড় সন্তানের বয়স যখন তিন, চার কিংবা পাঁচ—ঠিক তখনই ছোট সন্তানের জন্ম হয়। নতুন মুখ, নতুন আরেক মায়া তখন সবার মনে। খুব স্বাভাবিকভাবেই ছোট বাচ্চার জন্য আলাদা এক আবেগ কাজ করে। তার জন্য নতুন জামা, নতুন সব জিনিস।

এত নতুনের ভিড়ে আরেকজন তখন অনুভব করে সে পুরনো হয়ে গেছে সবার কাছে। সে যেন আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়।
তার মনে হয় তাকে আর এখন বাবা-মা আগের মতো জড়িয়ে ধরে না, আদর করে না, কোলে নেয় না। বড় সন্তানের মনে তখন বাবা-মায়ের প্রতি এমন এক অভিযোগ জন্ম নেয়।

এটাকে আমলে নেন না অনেক বাবা-মা।

ভাবেন, আরে ছোট মানুষ। ছোটজনকে দেখে তার এসব মনে হচ্ছে।
কথা সত্যি। বাবা-মার আদরে কখনও ভাগ হয় না। কোন সন্তানের জন্য আবেগের কমতি থাকে না। বাবা-মা জানে তারা তাদের সব সন্তানকে সমান ভালবাসে।

কিন্তু বড় সন্তান অনুভব করে…
💔 এখন সে আর মনযোগের কেন্দ্রে নেই। এখন তার জায়গায় অন্য আরেকজন।

💔 সে জানে বাবা অফিস থেকে এসে এখন আর তাকে কোলে নেয় না। কোলে নেয় তার ছোটকে।

💔 সে জানে তার অনেক কথাই এখন আর কেউ মনযোগ দিয়ে শুনে না। শুনে ছোট্ট আরেকজনের কথা।

💔 ফোন করে সবার আগে কেউ তার খোঁজ নেয় না। খোঁজ নেয় ছোট্ট আরেকজনের।

💔 সবাই তার ছোটজনকে আদর করছে, ছোটজনকে সুন্দর বলছে। ছোটজনকে ঘিরেই যেন সব আয়োজন।

একসময় মনযোগের কেন্দ্রে থাকা বড়সন্তান কখনও জেদ করছে। কখনও হয়তো চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু জেদ কিংবা চুপচাপ হয়ে যাওয়া মুখটার মনের খবর কেউ বুঝতে পারে না। ক্রমশ তার মধ্যে…
🔸 জেদের জন্ম নিতে পারে।
🔸 হতাশা আর হীনমন্যতার জন্ম নিতে পারে।
🔸 কষ্ট চেপে রাখার অভ্যাস তৈরি হতে পারে।
🔸 কখনও ছোট ভাই/বোনের প্রতি হিংসাত্মক অনুভূতি জন্ম নিতে পারে।
🔸এই অপূর্ণতার রেশ বাকি জীবন চুপচাপ বয়ে বেড়ানোর অভ্যাস হতে পারে। সবার কাছে ছোট মনে হওয়া এই কষ্ট তার মনে দীর্ঘস্থায়ী ক্ষত হয়ে থেকে যেতে পারে।

আপনার মনে হওয়া ছোট এই সমস্যাকে আপনি বাবা-মা হিসেবে কখনোই ছোট করে দেখবেন না। বরং এই বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিন। বড় সন্তান এবং ছোট সন্তান দুজনেই আপনারই।
সমস্যা সমাধানে…
💚 বড় সন্তানকে সময় দিন। তার কথা শুনুন মনযোগ দিয়ে।
💚 তার প্রতি যত্নশীল হোন।
💚 তুমি বড় হয়েছ। ছোটজনের দায়িত্ব তোমার এই ধরনের দায়িত্ব তাকে দিতে যাবেন না। সে ভালবাসা থেকে করলে ভিন্ন জিনিস।
💚 সন্তানদের মধ্যে তুলনা বন্ধ করুন। বাসায় কেউ এসে একজনকে বেশি সুন্দর বললে তখনই নিষেধ করুন।
💚 যখন যা কিনবেন, যা খাবেন, যা করবেন, যা সময় দিবেন প্রত্যেককে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন।

বলার অপেক্ষা রাখে না ভাই-বোনদের মধ্যে সম্পর্ক সুন্দর হওয়ার বড় কারণ বাবা-মা। একজনকে বেশি আদর, আরেকজনকে কম আদর শেষ পর্যন্ত ভাই-বোনের সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে।

তাই সময় থাকতে সব সন্তানকে সমান গুরুত্ব দিন। সন্তানদের মধ্যে ইনসাফের মনোভাব পাকাপোক্ত করুন।

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 17, 2026