ভাই বোনদের মাঝে দ্বন্দ্ব নেই এমন পরিবারের সংখ্যা নেহাৎ কম। প্রচুর মা এই অভিযোগ করেন যে, তার বাচ্চারা সারাক্ষণ ঝগড়া করে, মারামারি করে, বড়জন ছোটজনকে দেখতে পারেনা। এই দ্বন্ধ তখন আর খুনসুটির মাঝে সীমাবদ্ধ থাকেনা। সন্তানদের সামলাতে মায়ের তখন ত্রাহি ত্রাহি অবস্থা।
কেস ১ঃ বড় সন্তানের বয়স ৬, আর ছোটজনের প্রায় সাড়ে তিন। মায়ের অভিযোগ দুইজনের সারাদিন মারামারি হয়। উনি আর পারছেন না সহ্য করতে। জিজ্ঞাসা করলাম, সাধারণত উনি কি করেন তাদের থামাতে? উনার স্বীকারোক্তি, বেশীরভাগ ক্ষেত্রেই মারেন, স্পেশালি বড়জনকে, কারন ও তো বড়, কেন বুঝবে না ও?
কেস ২ঃ বড় সন্তানের বয়স প্রায় পাঁচ, আর ছোটজনের দেড়। উনার বড় ছেলে খুব বেয়াদব হয়ে যাচ্ছে। মায়ের কথা শুনেনা, বাসার কারো কথাই না। ছোট ভাইকে দেখতে পারেনা। বাচ্চাটিকে আলাদা ডেকে জানতে চাইলাম, "তোমাকে আম্মু বেশী আদর করে নাকি আব্বু?" বাচ্চার জবাব, "কেউ না, আমায় কেউ ভালোবাসেনা। আমার সব কিছু মা ভাইকে দিয়ে দেয়। সবাই আমাকে বকে।"
বোঝা যাচ্ছে কি সমস্যাটা আসলে কোথায়? আমাদের দক্ষিন এশিয়ার অধিকাংশ মা বাবা এভাবেই সন্তান পালেন।
