গর্ভধারণ, প্রসব এবং এরপরে সন্তান লালন পালনে সফল হতে চাইলে এসব বিষয়ে যথাযথ পড়াশুনা অত্যন্ত জরুরী। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে যেকোন বিষয়ের তথ্য আমাদের হাতের নাগালে। তাই এসব বিষয়ে জানাশুনা বেশ সহজ। গর্ভধারণ, প্রসব এবং সন্তান লালন বিষয়ে ইন্টারনেটে ইংরেজিতে এত বেশি পরিমাণ আর্টিকেল, ভিডিও আছে যা কারো পক্ষে দেখে/পড়ে শেষ করা অসম্ভব। বাংলায়ও এবিষয়ে রিসোর্সের পরিমাণ বাড়ছে।
তথ্যের এই সুবিশাল ডিজিটাল ভান্ডার কিন্তু এনালগ বইয়ের গুরুত্ব একটুও কমিয়ে দিতে পারেনি। বরং বইয়ের আবেদনের জায়গাটি একটু ভিন্ন। অনেকের কাছে হাতে নিয়ে পড়াটা এখনো গুরুত্বপূর্ণ। অনেকে ইন্টারনেটের তথ্যে নির্ভরতা খুঁজে পান না, বা খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলা অস্বাভাবিকও না।
মাতৃত্ব’র পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে এখানে আমরা গর্ভধারণ, প্রসব ও এর পরবর্তী অবস্থা নিয়ে ০৭টি এবং শিশুপালন ও পরিচর্যা বিষয়ে আরো ০৭টি বইয়ের তালিকা করছি। প্রযুক্তির কল্যাণে আপনি ঘরে বসেই এসব বই কিনতে পারবেন। এখানে যদিও অনলাইনে কেনার লিংক যুক্ত করেছি, তবুও পরামর্শ থাকবে আপনি নিজেই খুঁজে দেখুন। কারণ অনলাইন সাইটভেদে একই বইয়ের দামে বেশ পার্থক্য থাকে (যেমন রকমারি’তে দাম ওয়াফিলাইফের চেয়ে বেশি)।
তালিকা করার ক্ষেত্রে আমরা বিশেষ কোন পদ্ধতি অবলম্বন করিনি। বরং বাজারের সর্বাধিক বিক্রিত/পঠিত বইগুলোকে তুলে এনেছি। এই তালিকার বাইরেও যদি কোন বই আপনার বিশেষ উপকারে এসে থাকে এবং আপনি সেটা অন্যদের সাথে শেয়ার করে নিতে চান, তবে মন্তব্যের ঘরে আপনাকে স্বাগতম। আমরা এই তালিকা ক্রমগাত হালানাগাদ করার আশা রাখি।
