একা থাকা মা নাকি যৌথ পরিবারে থাকা মা- কার জীবন সহজ?

একা থাকা মা ভাবেন, যৌথ পরিবারে থাকলে জীবনটা একটু সহজ হতো। আর যৌথ পরিবারে থাকা মা ভাবেন, একা থাকলে অন্তত নিজের মতো করে সন্তানকে মানুষ করতে পারতেন। মুদ্রার উল্টো পিঠের গল্পটা বরাবরই অজানা।

অনেক মা-ই একা হাতে এক বা একাধিক বাচ্চা লালন-পালন করেন। সেইসব মায়েদের অনেক সময় মনে হয়, "আমি যদি আমার পাশে কাউকে পেতাম! আমি যদি যৌথ পরিবারে থাকতে পারতাম! তাহলে হয়তো জীবনটা অনেক সহজ হতো।"

আবার অনেকেই যৌথ পরিবারে থাকেন। তাঁদের হয়তো কখনও মনে হয়, "ইশ! যদি একা থাকতে পারতাম! তাহলে বোধহয় বাচ্চাগুলোকে আমার আদর্শ, বিশ্বাস আর মূল্যবোধ অনুযায়ী বড় করতে পারতাম।"

মজার ব্যাপার হলো, দুইজনেরই ধারণা—অন্য পাশের জীবনটাই সহজ।
বাস্তবতা হলো আপনি যে পরিবেশেই থাকুন না কেন, কিছু না কিছু সমস্যা আপনার থাকবেই।

আপনি একা থাকতে যান। বাচ্চা নিয়ে রান্নাবান্না, গোসল, খাওয়া, নিজের ফরজ ইবাদত—সবকিছুই একটা যুদ্ধ মনে হবে।
তবে এখানে কারও কাছে আপনার কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হচ্ছে না। আপনি আপনার বাচ্চাকে নিজের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী বড় করতে পারছেন। আপনার সিদ্ধান্ত তখন আপনার হাতে—যদি আপনার স্বামী সহযোগী মনোভাবের হন।

আবার যৌথ পরিবারে আপনার বাচ্চা বড় হচ্ছে। বাচ্চা অনেকের সঙ্গ পাচ্ছে। সামাজিকতা শিখতে পারছে। একাকিত্ব অনুভব করছে না। কিন্তু যৌথ পরিবারের সবাই বুঝদার না হলে সেখানেও অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়।

উদাহরণ হিসেবে ধরুন, সবাই আপনাকে সাহায্য করছে। কিন্তু বাচ্চাকে আদর করে তার হাত ভর্তি করে নিয়মিত চকলেট, চিপস, কোল্ড ড্রিংকস ইত্যাদি তুলে দিচ্ছে। বাচ্চাকে ব্যস্ত রাখতে কেউ কেউ বাচ্চার হাতে ডিভাইস ধরিয়ে দিচ্ছে। অনেকের কাছেই সমস্যা অনেক ছোট মনে হচ্ছে কিন্তু আপনার কাছে এতটুকুই অনেক কঠিন মনে হচ্ছে। তখন আপনি ভাবছেন, "একাই তো ভালো ছিল!"

আসলে কেউ-ই পুরোপুরি ভালো থাকে না। সবাইকেই কমবেশি মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। পরিস্থিতি কখনোই পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এটা মেনে নিয়েই আপনাকে এগোতে হবে।
সবসময় ধৈর্য থাকবে না। কখনও খুব অস্থির লাগবে। তবুও হারলে চলবে না।

আপনি মনে রাখবেন, আপনি একা নন। এরকম অসংখ্য মা আছেন আপনার মতোই। তাঁরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে লড়াই করছেন।
আফসোস করে, হতাশ হয়ে, রেগে গিয়ে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন না। বরং সমাধান আপনি সবরে পাবেন। সমাধান আপনি দোয়াতে পাবেন। সমাধান কখনও আপনার সিদ্ধান্ত কিংবা কৌশলের ওপরও নির্ভর করে।
পরিস্থিতি যেমনই হোক, নিজেকে বলুন, "ইনশাআল্লাহ! আমি পারব। আমাকে পারতেই হবে!"

মনে রাখবেন, জীবনের প্রথম পরাজয় নিজের কাছে হেরে যাওয়া। প্রথম পরাজয় আসে হতাশা থেকে।
রব কখনোই আশা হারাতে বলেন না।
তাই নিজেকে শক্ত করুন। নিজের জন্য, নিজের প্রিয় সন্তানের জন্য।

কারণ আপনার হতাশার প্রথম মানসিক কিংবা শারীরিক আঘাতটা আপনার সন্তানই পায়। কষ্টটা তখন আপনারই বেশি হয়।
আর আপনি একবার মা হয়েছেন মানে আজীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত রক্ষার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। একদিন বাচ্চা বড় হবে। সঙ্গে বয়স অনুযায়ী আপনার দায়িত্বের ধরনও পাল্টাবে। কখনও বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো। কখনও বাচ্চার স্কুলিং। কখনও তার সঠিক তরবিয়ত।

আপনার দায়িত্ব কিন্তু কখনও বন্ধ হবে না।
তাই মানসিকভাবে শক্ত হওয়াটা আপনার জন্য ভীষণ প্রয়োজন।
কারণ একজন শক্ত মা মানেই শুধু একজন শক্ত মানুষ নয়; বরং একটি শিশুর নিরাপদ আশ্রয়।

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 29, 2026