মায়ের পেট থেকে জন্ম নেয়া ছোট্ট এক প্রাণ। বাবা-মা এর কাছে যেন এক জীবন্ত খেলনার নাম। যার হাসিতে হাসি,কান্নায় ভাসি।
জীবন্ত সেই খেলনা পুতুলের হাতে ঠিক কি কি খেলনা তুলে দেয়া যায় তার কোন কূলকিনারাই যেন বাবা-মা খুঁজে পান না।
হাতের কাছে যাই পায়, দামি অথবা কমদামি,সাধ্যের মধ্যে অথবা সাধ্যের বাইরে সব একসাথে নিয়ে এসেও মনে হয় আরও কিছু যদি আনা যেত!
বাচ্চা খেলছে।বাবা-মার চোখের প্রশান্তি।এরচেয়ে সুন্দর দৃশ্য জগতে আর কয়টা হয়। সন্তানের জন্য তাই ঠিক কি কি খেলনা কেনা যায় সেটা নিয়েও চলে গবেষণা। কোনটা শিক্ষামূলক,কোনটা শরীর আর মনের জন্য বিশেষ উপকারী ইত্যাদি কত শত প্রশ্ন মনে ঘুরপাক খায়। শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য খেলা এবং খেলনা খুব দরকারী জিনিস বৈকি। কিন্তু বাচ্চার খেলনার বস্তু আসলে কি হওয়া দরকার। প্রশ্ন যখন এখানে।আসুন উত্তর খুঁজি মনখুলে….
প্রথমত বাচ্চার আশেপাশে যা থাকে তার সবকিছুকেই বাচ্চা নিজের খেলনা ভাবতে পছন্দ করে। আপনার কাছে যেটা পেয়াজ, রসুন, আদা, লতা, পাতা, ঘাস, হাতুড়ি, পাতিল, চামচ, বোতল, টিস্যু বক্স ইত্যাদি।বাচ্চার কাছে সেসবই একেকটা খেলনা।কারণ তার চোখে সবকিছুই নতুন। বাচ্চার শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য প্রাকৃতিক এই খেলনার কিন্তু কোন বিকল্প নেই।
