পর্ব ১
জীবনে কিছু অভিজ্ঞতার কোনো তুলনা হয় না। নিজের বাচ্চাদের জন্মের অভিজ্ঞতা নিঃসন্দেহে তেমনি একটি অভিজ্ঞতা, তার উপর যদি খুব অসাধারণ কিছু ঘটে ডেলিভারির সময়, তাহলে তো কথাই নাই।
আমার মিরাকেল বারথের ঘটনাটা না লিখলেই না। তাই আজকে সময় করে বসলাম লিখতে। হয়ত কারো উপকার হবে জানলে যে এমনও হতে পারে!
আমার প্রথম বাচ্চার জন্মেরও অনেক স্মৃতি, ইনশাআল্লাহ লিখব এক সময় সেই গল্পটাও। আজকে বলি আমার দ্বিতীয়জন হওয়ার সময় কী হয়েছিল সেই গল্প।
খুব চাচ্ছিলাম নরমাল ডেলিভারি হোক। প্রথমজনও নরমাল (NVD) হয়েছিল আলহামদুলিল্লাহ। যাক এবার খুব একটিভ ছিলাম, শুরু থেকেই চেষ্টা ছিল একটিভ থাকার, আর উপায়ও ছিল না কারণ বড় ছেলেকে দেখে রাখা, বাসার কাজ, অনলাইন অফিসের কাজ ইত্যাদি করতে হতো। সময় পেলেই বার্থবলে বসে একটু এক্সারসাইজ করতাম বিশেষ করে শেষের দিকে।
প্রথম ডেলিভারির সব কথা, খুঁটিনাটি মনে করে সেই অনুযায়ী এইবার দ্বিতীয় প্রেগন্যান্সিতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম যেন নরমাল ডেলিভারি হয় আল্লাহর হুকুমে। ডাক্তারের রেগুলার এপয়েন্টমেন্ট শেষে নিয়ম করে বড় একটা পার্কে যেতাম যেন বেশ খোলা বাতাসে বড় জায়গায় হাটতে পারি। ঘরের কাজে এবার বেশ সময় দিয়েছি। হাতে ধুতাম অনেক কাপড়। থালাবাসন ধোয়া, হাড়ি পাতিল ধোয়া ইত্যাদি অনেক কিছু।
