গর্ভাবস্থায় অনেক হবু মায়েরই হাত ও আঙ্গুলে শিরশিরে, অবশ ভাব ও মাঝে মাঝে ব্যাথা হয়। এটি গর্ভাবস্থার খুব সাধারন একটি অসুখ, যার নাম কারপাল টানেল সিন্ড্রোম/ Carpal Tunnel Syndrome যা সংক্ষেপে CTS নামে পরিচিত।
আমাদের হাতের কব্জিতে কারপাল টানেল অবস্থিত যা ছোট আকারের হাড় ও একগুচ্ছ মজবুত টিস্যুর বন্ধনী দিয়ে গঠিত। এই টানেলের মাঝে দিয়ে মধ্য স্নায়ু, বেশ কয়েকটি রক্তনালী এবং টেনডন রয়েছে। এগুলো সম্মিলিতভাবে হাতের অনুভূতি ও নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে। যেহেতু অল্প জায়গায় সবগুলো অবস্থান করে, তাই বেশি কাজ করার সময় এখানের নরম স্নায়ুর উপর চাপ পরে এবং এটা থেকে কারপাল টানেল সিন্ড্রোম দেখা দেয়।
শরীরের মেডিয়েন নার্ভ (median nerve) বাহু, কব্জি ও হাতে মটর ফাংশনের জন্য দায়ী। এছাড়া এই নার্ভ হাতের তালু থেকে মস্তিষ্কে বিভিন্ন রকমের অনুভূতির তথ্য পাঠায়, যেমন স্পর্শ, গরম ঠান্ডার বোধ ও ব্যথা ইত্যাদি।
গর্ভাবস্থায় শরীরে জমা হওয়া অতিরিক্ত তরলের কিছু অংশ হাতের টিস্যুতে জমা হলে হাত ফুলে যায়, যেটা Oedema নামে পরিচিত। এই তরলের কিছু অংশ যদি কারপাল টানেলে জমার মাধ্যমে মেডিয়েন নার্ভে চাপ তৈরি করে। চাপের ফলে নার্ভ সংকুচিত হয় ও হাত / আঙ্গুলে শিরশিরে, অবশ বা ব্যাথার অনুভূতি তৈরি হয়।
