কেইসঃ ২০ মাস বয়সী মারইয়াম হঠাৎই খুব চঞ্চল হয়ে পড়েছে। সব কিছু নিজে করতে চায়। অালমারি থেকে বের করে জামা-কাপড় নিজে পড়তে চায়। জুতা পড়তে চায় নিজে। এমনকি সিঁড়ি বেয়ে নিজে উঠতে যেয়ে পড়েই গেলো একদিন অনেকখানি উপর থেকে। ভাঙা ভাঙা ভাষায় আধো বুলিতে সারাক্ষন বকছে। সবসময় মনোযোগ চাইছে সবার। সবাই শুধু ওর সাথেই কথা বলুক। এই সে নিজে খেতে চাইছে, এই সে চাইছে মা খাইয়ে দিক, এই আবার খেতে চাইছে না। নিজের পছন্দ-অপছন্দ বুঝানোর চেষ্টা করছে। কিন্তু ঠিকমতো বুঝাতে না পেরে, রেগে যাচ্ছে। এইটুকু বাচ্চার একটুতে কান্না-রাগ, বাবা-মা কিছুতেই বুঝে উঠতে পারছেন না, কি হলো বাচ্চাটার!
মারইয়াম আসলে "দুর্দান্ত দুই" (Terrible Two) এর ভেতর দিয়ে যাচ্ছে। এরকম বয়সী বাচ্চাদের জন্য এটা বেশ স্বাভাবিক অবস্থা। আসলে বাড়ন্ত বাচ্চারা এক এক সময়ে এক এক রকম অবস্থার ভেতর দিয়ে যায়। কখনো মনে হলো বাচ্চা চুপচাপ, শান্ত, আবার কখনো অস্থির। দুই বছর বয়সের বাচ্চা বেশ কিছু ডেভলপমেন্টাল মাইলস্টোনের ভেতর দিয়ে যায়।
এই সময় বাচ্চাদের বেশ কিছু উল্লেখযোগ্য মোটর ডেভেলপমেন্ট হয়। সামাজিক, আচরনগত, অাবেগীয় বেশ কিছু পরিবর্তন আসে। এই সময়ে একটা দুইটা শব্দ বলা বাচ্চার শব্দভান্ডার বাড়তে থাকে। সে গুছিয়ে না হলেও পুরো বাক্য বলতে চেষ্টা করে। নিজের মতো করে চারপাশ আবিস্কারের চেষ্টা করে। এই সময়টাতেই সে বুঝতে পারে, তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেহেতু কথা বলায় এতটা পটু হয়ে উঠে নি এখনো, নিজেকে সে ঠিকমতো প্রকাশ করতে চাইলেও ব্যর্থ হয় বারবার। এই ব্যর্থতা ধীরে ধীরে তাকে হতাশ করে তোলে। শুরু হয় আচরণগত বদমেজাজ (Behavioral Tantrum)। বাবা-মা ঠিক বুঝে উঠতে পারেন না এসময় কী করবেন।
উল্লেখ্য, টেরিবল টুজ মানেই যে একসম বাচ্চার দুইবছরের সময়েই এরকমটা হবে তেমন না। বরং এক থেকে তিন বছর, যে কোন সময়ের মধ্যে এই অবস্থাটা আসতে পারে। তবে সাধারনত দুই বছরের কথা বলা হয়, কারন এই সময়টাতে নানা ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো প্রকট হয়।
