ডেলিভারির দিন যত ঘনিয়ে আসে, একজন প্রেগন্যান্ট মায়ের দুশ্চিন্তা ততই ঘনীভূত হতে থাকে। বহুল কাঙ্খিত সেই মুহূর্তের জন্য আগে এক ঘটনাবহুল পথ পাড়ি দিতে হবে। এর মাঝে একটা বড় চিন্তার বিষয়- 'পানি ভাঙল' কি না?
পানি ভাঙা- আমরা সবাই এই দুটি শব্দের সঙ্গে পরিচিত। পানি ভাঙা প্রসব বেদনা বা লেবার (labour) শুরু হতে যাওয়ার বেশ কিছু লক্ষণের মাঝে একটি। কিন্তু এই 'পানি' আসলে কি? এটি হল অ্যামনিয়োটিক ফ্লুইড, গর্ভের সন্তান যে তরলে ভাসমান থাকে। এটা লেবার শুরু হওয়ার ২৪ ঘন্টা বা তারও আগে হতে পারে, আবার লেবারের ১ম স্টেজে অনেকদূর এগিয়ে যাওয়ার পরও হতে পারে, আবার অনেকসময় প্রসবের মুহূর্ত পর্যন্তও মেমব্রেন অটুট থাকতে পারে, এমনকি প্রসবের পরও।
পানি ভাঙার অভিজ্ঞতা বিভিন্ন নারীদের মধ্যে পৃথক হয়। কেউ কেউ পা বেয়ে তরল নামছে বলে মনে করেন, অন্যরা প্রচুর গন্ধহীন এবং বর্ণহীন তরল বয়ে যাওয়া অনুভব করতে পারেন। থলিটি কোথায় ফেটেছে এবং লেবারের জন্য প্রস্তুত কিনা তা সবই নির্ভর করে। আসলেই পানি ভেঙেছে কিনা তা বুঝতে হলে আরো কিছু পয়েন্ট মাথায় রাখা দরকার-
প্রস্রাব এবং অ্যামনিয়োটিক ফ্লুয়িড এর মধ্যে পার্থক্য করা কিছুটা জটিল। অ্যামনিয়োটিক ফ্লুয়িড পরিষ্কার, গন্ধহীন, হালকা হলুদ বা ফ্যাকাশে রঙের এবং কখনো শুরুতে কিছুটা রক্তও বেরোয়। অন্যদিকে যোনিগত স্রাব হল পাতলা সাদা শ্লেষ্মা যা আপনি পিরিয়ডের আগে যা দেখেন তার মতোই হয়, তাই সহজেই অ্যামনিয়োটিক ফ্লুয়িড থেকে আলাদা করা যায়।
