বিশ্বের ইতিহাস জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে গর্ভাবস্থা এবং সন্তান জন্মদানকে একটি সামাজিক ঘটনা হিসেবেই আমরা দেখতে পাই, যেখানে সন্তান প্রসবকারী মায়ের সাথে পরিবার বা প্রতিবেশী বা বন্ধু সহায়ক ভূমিকা পালন করে। সময়ের পালাবদলে বর্তমানে সন্তান প্রসবে সহায়তাকারীর এই ভূমিকাকে বার্থ দৌলা (Birth Doula) বা সংক্ষেপে দৌলা নামে অভিহিত করা হচ্ছে।
একজন দৌলা ডেলিভারির সময় মায়ের পাশে থেকে মা'কে সন্তান জন্মদানের সময় তার করণীয় / বর্জনীয় বিষয়গুলো বিভিন্ন অবস্থায় মনে করিয়ে দেন। অভিজ্ঞ ও আন্তরিক দৌলা মায়ের বার্থস্টোরিকে একটা সুন্দর ইতিবাচক গল্পে পরিণত করতে অনেকটা সহায়তা করতে পারে।
আধুনিক শব্দ "Doula (ডুলা)" প্রথম ১৯৬৯ সালে আমেরিকান মেডিক্যাল নৃবিজ্ঞানী ডানা লুইস রাফায়েল প্রস্তাব করেছিলেন। "ডুলা" গ্রীক শব্দ δούλα (দৌলা) থেকে এসেছে। এর অর্থ "সেবক-নারী", "সেবা করে এমন মহিলা" এবং কিছু অনুবাদে এসেছে, "নারী দাস"। বাংলায় এই শব্দের উচ্চারণ হলো দৌলা।
দৌলা হলো এমন একজন ব্যক্তি যিনি আপনার গর্ভাবস্থা এবং সন্তান জন্মদানের সময় আপনাকে মানসিক, শারীরিক এবং আত্মিক সহায়তা প্রদান করেন। দৌলা কোনও মেডিক্যাল পারসন নন। তারা কোনও চিকিৎসা সেবা প্রদান করে না। গর্ভবতী মা এবং তার পরিবারকে সন্তান জন্মদানের মতো একটি উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতার সময় কীভাবে সহায়তা করতে হবে সে সম্পর্কে একজন সার্টিফাইড দৌলা একটি প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে জ্ঞানার্জন করেছেন।
