বিভিন্ন বয়সে বাচ্চাদের ডেভেলপমেন্টের ধরন বিভিন্ন রকম হয়। জন্মের পর প্রথম দিন থেকে শুরু করে এক এক সময়ে বাচ্চার এক একটা নতুন জিনিস শেখা নিয়ে নতুন বাবা-মায়েরা খুব শিহরিত থাকেন। এই বুঝি বসতে শিখলো, এই দাঁত বের হলো, দাঁড়াতে শিখলো এখন কিংবা হাঁটতে।
এই বেড়ে উঠার মাইলস্টোনগুলো খেয়াল করলে একটা বাচ্চা ঠিকমতো বেড়ে উঠছে কিনা, সেটা বোঝা যায়। তবে যেটা অবশ্যই মনে রাখতে হবে, এক একটা বাচ্চার বেড়ে উঠার ধরন এক এক রকম। কেউ হয়ত আগে হাঁটল বা কেউ দেরীতে কথা বলল। এগুলো নিয়ে মন খারাপ করার বা চিন্তিত হবার কিছু নেই। তবে সব বাচ্চার জন্য কিছু কমন ডেভেলপমেন্টাল মাইলস্টোন (Developmental Milestone) থাকে। এখানে এক থেকে দুই বছর বয়সী বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন কি হওয়া উচিত, তাই দেখবো।
নির্দিষ্ট বয়সসীমার মধ্যে গড়পড়তায় বাচ্চারা নতুন যেসব দক্ষতা অর্জন করে, তাই ডেভেলপমেন্টাল মাইলস্টোন। যেমন হাসতে শেখা, হাত তালি দেয়া, বসা, দাঁড়ানো, কথা বলা ইত্যাদি। সাধারনত ডেভেলপমেন্টাল মাইলস্টোন দেখে বাচ্চাদের বয়স অনুযায়ী স্বাভাবিক অগ্রগতি বিচার করা হয়।
ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো সাধারনত আগে পরে করে বেশীরভাগ বাচ্চাই অর্জন করে। এগুলো সম্পর্কে বাবা-মায়ের জানা থাকা ভালো। দুই একটা ব্যাপারে দেরি হলে বেশী দুঃশ্চিন্তায় অস্থির হয়ে যাবেন না। তবে দুইয়ের বেশী ব্যাপার অনুপস্থিত দেখলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
