ঠিক কোন বয়স থেকে বাচ্চাদের পানি খাওয়াতে হবে- এটা নিয়ে অনেকেই অনেক রকম ধারনা পোষন করেন। কেউ যেমন জন্মের সপ্তাহখানেকের মধ্যে পানি খাওয়াতে চান। আমাদের বড়দের যেমন পানি না খেলে চলেই না, বাচ্চাদেরও আমরা সেরকম ভাবতে শুরু করে দেই।
আসলে মায়ের বুকের দুধ কিংবা ফরমুলাতে পানিয় অংশ থাকে বেশী, যা বাচ্চাকে হাইড্রেটেড রাখে, অতিরিক্ত পানির প্রয়োজন পড়ে না। বাচ্চার প্রথম ছয় মাস (বা ছয়মাসের কাছাকাছি) মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এরকম শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো (Exclusive Breastfeeding) করানো মানে কোন অতিরিক্ত পানির প্রয়োজন নেই। ভীষন গরমের সময়ও এটা প্রযোজ্য।
বুকের দুধের পাশাপাশি যখন শক্ত বা সলিড খাবার শুরু হয়, তখন থেকে পানি দিতে পারেন। কিন্তু যতটুকু সলিড খাবেন, ততটুকুই পানি দিতে হবে, এমন কথা নেই। কারন তখনো দুধের থেকে বাচ্চার পানির অভাব অনেকখানিই মিটছে। অনেকে শক্ত খাবারের সাথে ছোট কাপ বা বোতলে পানি খেতে দেন বাচ্চাদের। যখনই আপনার মনে হবে বাচ্চা তৃষ্ণার্থ, তখন সামান্য পানি দিন।
কেউ আবার ফরমুলা খাওয়া বাচ্চাদের অল্প পরিমানে পানি দেওয়ার পক্ষপাতী। সাধারণত বুকের দুধ খাওয়া বাচ্চাদের ফর্মুলা নির্ভর বাচ্চাদের কোষ্ঠ্যকাঠিন্য (Constipation) হওয়ার সম্ভাবনা বেশী থাকে। তবে সেক্ষেত্রে পানি দেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। পানি ফুটিয়ে, সেদ্ধ করে, ফিল্টার করে তারপর বাচ্চাদের দিতে হবে। কারন যে কোন পানিবাহিত অসুখের ক্ষেত্রে বড়দের তুলনায় বাচ্চারা অনেক বেশী নাজুক থাকে।
