এক এক করে আপনি এরই মধ্যে নয়টি সপ্তাহ পার করে ফেলেছেন। প্রেগন্যান্সির ১০ম সপ্তাহে আপনাকে স্বাগতম! গর্ভবতী বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড়সড় পেটের হবু মা। এই শুরুর দিককার সময়ে যেহেতু এখনো পেট তেমন বড় হয়ে ওঠে নি, আপনার মনে হতেই পারে, আসলেই কি আপনি প্রেগন্যান্ট! অন্যান্য শারীরিক পরিবর্তন ইতিমধ্যেই আপনি বুঝতে শুরু করেছেন। বাকি পরিবর্তনগুলো হচ্ছে খুব দ্রুত।
ভ্রূণটি আকারে বড় হচ্ছে। আর এই বাড়ন্ত ভ্রূণটিকে জায়গা করে দিতে পেটের মাংশপেশী আর লিগামেন্ট প্রসারিত হতে শুরু করেছে। এই সময়কার উল্লেখযোগ্য পরিবর্তনগুলো-
প্রথম থেকে দ্বিতীয় ট্রাইমিস্টারে প্রবেশ করলেই মর্নিং সিকনেস চলে যাবে আশা করা যায়। স্বাভাবিক ক্লান্তিবোধ বাড়িয়ে দিতে পারে মর্নিং সিকনেস। হালকা ব্যায়ামে ভালো অনুভব করতে পারেন। সাদাস্রাব (White Discharge) যেটা স্বাভাবিক সময়ের চাইতে পরিমানে বেশী হতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই। প্রাকৃতিক উপায়ে শরীর থেকে ব্যাকটেরিয়া বের করে দেবার জন্য এর দরকার আছে। তবে এই ডিসচার্জের রঙ লাল হলে, দূর্গন্ধযুক্ত হলে কিংবা যদি এর সাথে শারীরিক অস্বস্থি জড়িত থাকে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই সময়ে শিরা-উপশিরা চামড়ার উপরে দৃশ্যমান হতে পারে।
এই সপ্তাহে কয়েক পাউন্ড ওজন বাড়া স্বাভাবিক। অনেক ডাক্তাররা বলেন, গড় বি এম আই (BMI) এর মেয়েদের ওজন স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ পাউন্ড বাড়তে পারে। তবে যমজ বাচ্চা হলে এই বৃদ্ধির পরিমানও কিছু বেশী হবে। মর্নিং সিকনেস আর খাওয়ার অরুচি থেকে যেসব মায়ের ওজন কমেছে, তারা দ্বিতীয় ট্রাইমিস্টারে মর্নিং সিকনেস কমে গেলে, ওজন বাড়বে বলে আশা করতে পারেন।
