হরমোন শব্দের বাংলা হচ্ছে “প্রাণরস”। নাম শুনেই বুঝা যাচ্ছে আমাদের শরীরে এর ভূমিকা কতোটা গুরুত্বপূর্ণ। একজন মানব সন্তানের জন্মপ্রক্রিয়া শুরু হয় শুক্রাণু ও ডিম্বাণুর মিলিত হবার মধ্য দিয়ে। সেই থেকে শুরু করে মায়ের গর্ভে একটি পরিপূর্ণ ফিটাস হিসেবে বেড়ে উঠা, প্রসবের মাধ্যমে পৃথিবীতে আগমন, জীবনের নানান আবেগে অনুভুতির সাথে পরিচিত হওয়া- এই সবকিছুর পেছনেই রয়েছে নানান রকমের হরমোনের প্রভাব।
একজন নারী যখন প্রাকৃতিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দিতে প্রস্তুত হন, তখন তার শরীরে নানান রকম হরমোন কাজ করে। কিছু হরমোন প্রাকৃতিক প্রসবকে তরান্বিত করে , কিছু আবার প্রসবকে জটিল করে তোলে।
প্রাকৃতিক প্রসবের সাথে হরমোনের সম্পর্ক নিয়েই থাকছে আজকের লিখা।
আমাদের শরীরে বিভিন্ন রকমের গ্রন্থি থাকে, যেগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। এগুলো থেকে নানান রকমের রস নির্গত হয়, যাদের নাম ‘হরমোন”। এই হরমোনগুলো শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করে। মানব সন্তান প্রসবের প্রক্রিয়ায় কিছু হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
