হঠাৎ করে ছোট বাচ্চাদের মতো আনন্দে লাফাতে ইচ্ছা করছে আবার হয়তো একটু পরেই বিষণ্ণ হয়ে গেলেন? কারণ ছাড়াই কারো উপর বিরক্ত হয়ে যাচ্ছেন? প্রিয় মানুষটা থেকেও মাঝে মাঝে দূরে থাকতে ইচ্ছা করে? গর্ভাবস্থায় যদি এরকম বিভিন্ন ধরণের অনুভূতি আপনার হয়ে থাকে, তবে বলি, আপনি একা নন এবং এটি একটি স্বাভাবিক ব্যাপার যাকে বলা হয় মুড সুইং (Mood swing)।
মুড সুইং মূলত হয় কারণ গর্ভাবস্থায় মায়ের শরীরে বিভিন্ন হরমোনের উৎপাদন বেড়ে যায় বিশেষ করে এস্ট্রোজেন এবং প্রজেস্টোরন।
এস্ট্রোজেন হরমোন মুলত কাজ করে সেরোটোনিন নামক আরেকটা হরমোনের সাথে। সেরোটোনিনকে বলা হয় Happy hormone বা যেই হরমোন সুখের অনুভূতি দেয়। গর্ভাবস্থায় প্রথম ১২ সপ্তাহে এস্ট্রোজেনের উৎপাদন ১০০ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতো বেশি বেড়ে যাওয়াতে হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। সেরোটোনিনের কাজেও তা ব্যাঘাত ঘটায়৷ ঠিক কি কারণে এমনটা হয় না জানা গেলেও এটা বোঝা যায় যে এস্ট্রোজেনের পরিমাণের সাথে তা সম্পর্কযুক্ত। এই ভারসাম্যহীনতার ফলে উদ্বিগ্নতা, বিরক্তবোধ, সহজেই রেগে যাওয়া ইত্যাদি লক্ষ্মণ দেখা যায়।
গর্ভের প্রথম ৩ মাস প্রজেস্টোরন হরমোনও বাড়তে থাকে৷ প্রজেস্টোরন হলো relaxation hormone অর্থাৎ তা স্বস্তি বা আরামের অনুভূতি দেয়৷ কিন্ত এর অধিক উৎপাদন ক্লান্তিবোধ, দুঃখবোধ অনুভূতির সৃষ্টি করে৷
