বাচ্চাদের বাবা-মায়েরা কোন একটা দিন ঠিক করে, যেদিন একসাথে বেশকিছু বাচ্চা মিলে খেলাধুলা বা ক্রাফটিং করে (কোন কিছু বানানো, যেমন- কেক অথবা বালি দিয়ে কোন কিছু বানানো হতে পারে ইত্যাদি)। মূল ধারণাটা হলো একসাথে বাচ্চারা বসে খেলাধুলা করবে শুধু খেলাধুলা এবং আনন্দের উদ্দেশ্যে। এর পাশাপাশি তারা সেখান থেকে আদব-কায়দা, সামাজিকতা ইত্যাদি শিখে নিতে পারবে।
গত ২৭ ফেব্রুয়ারি, ২০২০-এ হয়ে যাওয়া মীট যায়নাব এমনই একটা প্লে-ডেইট ছিল। আয়োজন হিসেবে এটা ছিল ভিন্নধর্মী এবং নতুন আঙ্গিকের একটি অনুষ্ঠান, কারণ ইসলামী পরিবেশে বাচ্চাদের জন্য এমন একটি আয়োজন আমাদের দেশে এই প্রথম। ডাক্তার ইফফাত সাইফুল্লাহ তার চার বছরের মেয়ে যায়নাব জুহাইরা সমমনা বাচ্চাদের সাথে পরিচিত করানো এবং আনন্দ দেয়ার উপায় হিসেবে এটি আয়োজনের উদ্যোগ নেন।
জানুয়ারি মাসে তিনি যখন এই আইডিয়াটা ফেসবুকে শেয়ার করেন, তখন সাথে সাথেই অনেক মায়েদের সাড়া পান। রেজিস্ট্রেশন চালু করার প্রথম কয়েক ঘন্টার মাঝেই সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছিল, রেজিস্ট্রেশন ফীও ছিল নামমাত্র। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অংশগ্রহনকারীদের সংখ্যা পঁয়ত্রিশ-এ সীমিত করা হয়েছিল। এরপর ডাঃ ইফফাত বিভিন্ন স্পন্সরদের সাথে যোগাযোগ করছিলেন। সেখানেও তিনি অভূতপূর্ব সাড়া পেলেন। পঁয়ত্রিশ জন বাচ্চার জন্য তিনি পঞ্চাশ এর অধিক স্পন্সর পেয়েছেন।এবং আরো অনেকই স্পন্সর করতে আগ্রহী ছিলেন।
২৭ শে ফেব্রুয়ারি প্লে-ডেইটের ভেন্যু মোহাম্মদপুরের তাহফীজুল কুরআন ইংলিশ মিডিয়াম স্কুলে গেলাম। সেখানে বাচ্চারা এবং তাদের মায়েদের আগ্রহ-উদ্দীপনা দেখার মত ছিল। অভিভাবক হিসেবে আমাদের ভাবনা এতোখানি ছিল যে বাচ্চারা একসাথে হয়ে একটু খেলাধুলা করবে। আয়োজকদের সুন্দর পরিকল্পনা এবং যথাযথ ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো, একের পর এক নানা রকম ইভেন্টের আয়োজন করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।
