প্রেগন্যান্সী লম্বা একটা যাত্রা, যার শেষ হয় লেবার বা প্রসবের মাধ্যমে শিশুর জন্ম দিয়ে। শেষের সপ্তাহগুলোতে এসে মায়েরা লেবার পেইন শুরুর প্রতীক্ষায় থাকেন। লেবার পেইন প্রাকৃতিকভাবে শুরু করতে মায়েদের কোন কিছু করণীয় আছে কি না তা তারা জানার চেষ্টা করেন।
বর্তমানে লেবার পেইন তোলার কৃত্রিম পদ্ধতি আছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, একটা অপ্রয়োজনীয় মেডিক্যাল হস্তক্ষেপ আরও একাধিক হস্তক্ষেপের সূত্রপাত ঘটায়। প্রসব যতদূর সম্ভব প্রাকৃতিক রাখাই শ্রেয়। তাই প্রাকৃতিকভাবে লেবার পেইন শুরু একজন মায়ের লক্ষ্যবস্তু হওয়া উচিত।
যেহেতু প্রত্যেকের শরীর আলাদা, সবার জন্য লেবার পেইন একই সময়ে শুরু হবে, এমন নয়। প্রেগন্যান্সী শেষের একটা নির্ধারিত সময় আছে, যেটা এক একজন মায়ের ক্ষেত্রে এক একরকম হতে পারে। ঝুঁকিমুক্ত প্রেগন্যান্সীতে ৩৯ সপ্তাহ থেকে মায়েরা লেবার পেইন প্রাকৃতিক উপায়ে শুরুর জন্য প্রস্তুতি নিতে পারেন।
এই সময়ে মায়ের শরীর ধীরে ধীরে লেবারের জন্য প্রস্তুতি নিতে থাকে। অনেকের ক্ষেত্রে তলপেট শক্ত শক্ত হয়ে ব্রাক্সটন হিক্স ঘনঘন হতে থাকে, ব্যাকপেইন সহ নানান রকম অস্বস্তি থাকতে পারে। প্রাকৃতিকভাবে লেবার পেইন শুরু করার জন্য একজন মা নিজের মতো চেষ্টা করতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে, সবকিছু যে কাজে দিবে, তা নাও হতে পারে। তবে মেডিক্যাল হস্তক্ষেপ এড়াতে নিজস্ব কিছু চেষ্টা অবশ্যই থাকা উচিত।
