আপনি যখন আপনার নবজাতক শিশুকে দেখেন, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে তার কান্নার কয়েকটি স্বতন্ত্র ধরন রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার শিশু হয়তো ক্ষুধার্ত হলে একটি নির্দিষ্ট ধরণের শব্দ করে, অথবা যদি তার গ্যাস হয় তবে অন্য ধরণের শব্দ করে।
কিছু পিতামাতা এই স্বতন্ত্র শব্দগুলিকে "নবজাতকের ভাষা" হিসাবে বিবেচনা করেন এবং তারা বিশ্বাস করেন যে এগুলো শিশুর কান্নার অর্থ বুঝতে তাদের সাহায্য করতে পারে।
ডানস্ট্যান বেবি ল্যাংগুয়েজ এমন একটি পদ্ধতি যেটা বাবা মা'কে তাদের নবজাতক শিশুর কান্নার অর্থ বুঝতে সহায়তা করতে পারে। অস্ট্রেলিয়ান অপেরা গায়িকা প্রিসিলা ডানস্ট্যান এই পদ্ধতির উদ্ভাবক। সমস্ত নবজাতক শিশুরা তাদের কান্নার ঠিক আগে নির্দিষ্ট কিছু শব্দ করে - এমনটাই ডানস্ট্যানের পর্যবেক্ষণ। তাই, তার বিশ্বাস - এই শব্দগুলিকে শিখতে এবং বুঝতে পারলে আপনি আপনার শিশুর কী প্রয়োজন তা আগে থেকেই বুঝতে পারবেন এবং তার কান্না শুরু হওয়ার আগেই তার চাহিদা পূরণ করতে পারবেন।
ডানস্ট্যান কোন ভাষা থেরাপিস্ট বা শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি কণ্ঠশিল্পী হিসেবে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে - এবং তার সংগীতের কান - ব্যবহার করে বিশ্বজুড়ে নবজাতক শিশুদের উপর আট বছর ধরে গবেষণা করেছেন। ফলে সৃষ্টি হয়েছে এই নবজাতকের ভাষার।
